• 09 May, 2026
  • 0 Comment(s)
  • 10 view(s)
  • APDR

প্রেস বিবৃতি ॥ ৮ মে ২০২৬ ॥ অবিলম্বে পশ্চিমবঙ্গে  নির্বাচনোত্তর রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার অবসান চাই।



প্রেস বিবৃতি : 

অবিলম্বে পশ্চিমবঙ্গে  নির্বাচনোত্তর রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার অবসান চাই।

গত ২৩ এবং ২৯ এপ্রিল ২০২৬ এ অনুষ্ঠিত দুই দফায় বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অন্যতম অবৈধ, বিতর্কিত, সমালোচিত এবং অসংবেদনশীল ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। 
  বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরির নামে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) করে বাংলার লক্ষ লক্ষ অধিবাসীকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বেছে বেছে বাদ দেওয়া হল মুসলমান, হিন্দু দলিত উদ্বাস্তু ও মহিলাদের। এরা প্রায় সকলেই শ্রমজীবী জনসাধারণ। নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। আসামের মডেল অনুযায়ী এরা প্রায় সকলেই বেনাগরিক হতে চলেছে। SIR আসলে NRC করার প্রক্রিয়া বিশেষ। সাধারণ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয় বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বাংলার লক্ষ লক্ষ জনগণকে বাদ দিয়ে এই অবৈধ নির্বাচন করার প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে পড়ল। 
নির্বাচন পরবর্তীতে রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে কমিউনিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লেনিনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। লালবাগে মুসলমান সংস্কৃতির সাথে যুক্ত ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ঈদগাহ দখল করা হয়েছে। নদীয়ায় মুসলমান অধ্যুষিত এলাকায় মসজিদের পার্শ্ববর্তী ক্লাব ঘরে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে আগুন ধরানো হয়েছে। খোদ কলকাতায় বুলডোজার নামিয়ে বিজেপির পতাকাকে সামনে রেখে সাধারণ মুসলিমদের ছোট ছোট দোকান ভাঙ্গা হয়েছে।বহু জায়গায় মুসলমান ট্রেনযাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।  বিভিন্ন এলাকায় বিরোধী মতাবলম্বী রাজনৈতিক কর্মীদের ওপরও হামলা চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর বিজেপির হামলা সকলেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন। ট্রেনে, বাসে বা রাস্তায় বিজেপি বিরোধী রাজনৈতিক মতামত প্রকাশ করা যেন হয়ে উঠেছে এক সামাজিক অপরাধ। জনসাধারণ ব্যাপক সন্ত্রস্ত হয়ে চলাফেরা করছে। বিজেপি দলের নেতা  শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত আপ্তসহায়ক  খুন হয়েছে। আমরা আশঙ্কা করছি আগামীদিনে পশ্চিমবঙ্গে এক ভয়ংকর রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ তৈরি হতে চলেছে।

মানবাধিকার সংগঠন হিসাবে আমরা ভোট পরবর্তী এই রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার তীব্র বিরোধিতা করছি এবং বাংলার  জনসাধারণকে এই হিংসার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করার আহ্বান করছি। 

আমরা দাবি করছি, 
১) অবিলম্বে ভোট পরবর্তী রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা বন্ধ করতে হবে।  
২) সংখ্যালঘু মুসলমান জনসাধারণের উপর কোনরকম আক্রমণ করা যাবে না। তাদের জান ও মাল রক্ষার সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে।
২) SIR বাতিল করে SIR লিস্ট থেকে ডিলিটেড লক্ষ লক্ষ নাগরিককে অবিলম্বে ভোটার লিস্টে যুক্ত করতে হবে। বাংলার কোন অধিবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। 
৩) পশ্চিমবঙ্গের জেলে থাকা সমস্ত রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই। 
৪) মোফাক্কেরুল ইসলাম ও আকরামুল বাগানি সহ SIR আন্দোলনে জেলবন্দি সকল প্রতিবাদীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।
এই সমস্ত দাবীতে আাগামী ১১ মে কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত  এক মিছিলের ডাক দেওয়া হয়েছে।  এই মিছিলে সকলকে যোগ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

ধন্যবাদান্তে,
আলতাফ আমেদ, 
সাধারণ সম্পাদক,
এপিডিআর। 
০৮/০৫/২০২৬

 


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us